মার্চে আরো ১৭১ মাদ্রাসায় চালু হচ্ছে ৫১৩টি মাল্টিমিডিয়া ক্লাসরুম

১৪ জানুয়ারি, ২০২৩ ১১:৫১  
আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে আগামী মার্চ মাস থেকে দেশের আরও ১৭১টি মাদ্রাসায় চালু হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শ্রেণি পাঠদান। ফেব্রুয়ারির মধ্যেই রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের এসব প্রতিষ্ঠানে স্মার্ট টিভি, ডেস্কটপ কম্পিউটার, ইউপিএস, ওয়াইফাই এজি রাউটার, পেন ড্রাইভ ইনস্টলেশনের মাধ্যমে প্রতিটি মাদ্রাসায় ৩টি করে মোট ৫১৩টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ শেষ হবে। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের এসব মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুমে শ্রেণি পাঠদান শুরু হলে পূর্ণতা পাবে ‘৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন’ প্রকল্প। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের এই প্রকল্পের আওতায় এর আগে ৪৮২টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। নতুন করে আরও ১৭১টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হলে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় যুক্ত হবে মোট ৬৫৩টি মাদ্রাসা। সূত্রমতে, রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ৬০টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। আর চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা ছাড়াও বান্দরবান, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাঙ্গামাটি জেলার ১১১টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। প্রকল্প পরিচালক তাইমুর রহমান জানিয়েছেন, গতবছরের নভেম্বর থেকে শুরু হয়েছিলো এই প্রকল্প বাস্তবায়নের কাজ। ফেব্রুয়ারির শেষ নাগাদ বাকি থাকা ১৭১টি মাদ্রসায় মাল্টিমিডিয়া ক্লাস সেটআপের কাজ শেষ হবে। মার্চ থেকে শুরু হবে মাল্টিমিডিয়া ক্লাসরুমে শ্রেণি পাঠদান।